
ওমরাহ হজে পাঠানোর কথা বলে ২০ লাখ টাকা আত্মসাৎ: পিবিআই অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার,
বিশেষ প্রতিনিধি:- বগুড়ার “ব্রাদার্স ট্রাভেলস এন্ড ট্যুরস্ হজ এজেন্সি” নামীয় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবু তালেব কাজল মামলার বাদীসহ মোট ১৫ জন ব্যক্তির নিকট থেকে পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সর্বমোট ২০,০০,০০০/- (বিশ লাখ) টাকা গ্রহণ করে। কিন্তু পরবর্তীতে বাদীসহ ওমরাহ পালনেচ্ছু ব্যক্তিদের সৌদি আরবে না পাঠিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে প্রতারক চক্রটি ভুক্তভোগীদের মোবাইল ফোনে ভুয়া ভিসা ও বিমানের টিকিট পাঠিয়ে তাদের প্রতারণার ফাঁদে আটকে রাখে। পরবর্তীতে বাদীসহ অন্যান্য ভুক্তভোগী ওমরাহ হজে যেতে ব্যর্থ হয়ে তাদের প্রদানকৃত টাকা ফেরত চাইলে আসামি মোঃ আবু তালেব কাজল টাকা ফেরত না দিয়ে বগুড়াস্থ অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় ভিকটিম মোঃ দেলোয়ার হোসেন পশারী হিরুর অভিযোগের প্রেক্ষিতে মোঃ আবু তালেব কাজলসহ ০৩ জন আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা নং–৬১, তারিখ–২৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা–৪০৬/৪২০ পেনাল কোডে একটি প্রতারণা মামলা রুজু হয়।
মামলাটি তদন্তাধীন অবস্থায় পিবিআই-এর সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই বগুড়া জেলা স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে এবং এসআই (নিরস্ত্র) মোঃ আকতারুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়। পিবিআই-এর তদন্তকারী দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৮/০৫/২০২৬ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৩:৩০ ঘটিকায় প্রতারক চক্রের মূলহোতা মোঃ আবু তালেব কাজল (৪০)-কে ডিএমপি ঢাকার ভাটারা থানাধীন প্রগতি স্মরণী এলাকা থেকে গ্রেফতার করে। পিবিআই-এর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ২০ লাখ টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় এবং পিবিআই বগুড়া স্বল্পসময়ের মধ্যে মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এলাকায় পিবিআই তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
এ ঘটনার পর একই প্রতারক চক্রের মাধ্যমে প্রতারিত আরও কয়েকজন হজ পালনেচ্ছু ব্যক্তি পিবিআই বগুড়া জেলার সঙ্গে যোগাযোগ করলে তাদের সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :