
নারায়ণগঞ্জে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত তানজিম হোসেন মোল্লা
নারায়ণগঞ্জ, ২৩ মে ২০২৬:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তানজিম হোসেন মোল্লা। তিনি নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও কাব স্কাউট নেতা। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং কাব স্কাউটিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ে কাব স্কাউট কার্যক্রমকে গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলতে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টার ফলে ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৯৭ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা জেলার জন্য একটি গৌরবময় সাফল্য।
শুধু তাই নয়, ২০২৫ শিক্ষাবর্ষে তাঁর বিদ্যালয়ের ২৩ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড লাভ করে, যা বিদ্যালয়ের ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে তাঁর অবদান প্রশংসিত হয়েছে অভিভাবক, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের মহলে।

শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতেও তিনি কাব স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :