নাসিক ৮ নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ, বিক্ষোভ


Staff Reporter প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন /
নাসিক ৮ নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ, বিক্ষোভ

নাসিক ৮ নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের
দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ৮ নং ওয়ার্ডের প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে কাউন্সিলর কার্যালয় অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাউন্সিলর ও ওয়ার্ড সচিবের কার্যালয় অবরোধ করে কমিটি বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন।

তাদের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যক্তিরা বিএনপির ধানের শীষ প্রতীকের বিরোধীতা করে ফুটবল ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করেছেন সেইসব ব্যক্তিদের দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডে প্রশাসক সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

জানাগেছে, গত ২৫ মার্চ (বুধবার) সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সাগর প্রধানকে সভাপতি, সদস্য পদে দেলোয়ার হোসেন বাবুল, জাহাঙ্গীর আলম স্বাধীন, মঞ্জরুল আলম মুসা ও নুরুজ্জামানকে রাখা হয়েছে।

কিন্তু এই ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো ভুমিকা রাখা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, মহানগর যুবদলের সদস্য আবুল বাশার বাদশার মত ব্যক্তিদের রাখা হয়নি। দিনার মত নেত্রীকে অপমান অপদস্ত অবজ্ঞা করে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে কমিটি গঠন করায় নেতাকর্মীদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নেতাকর্মীরা জানান, জাতীয় নির্বাচনে সাগর প্রধান, বাবুল, স্বাধীনকে একাধিকবার ধানের শীষের পক্ষে কাজ করার অনুরাধ জানালেও তারা ধানের শীষের পক্ষে কাজ করেননি। নির্বাচনের পূর্বে নিজেদের বহিষ্কার ঠেকাতে নামকাওয়াস্তে বিএনপির প্রার্থী মান্নানের গণসংযোগে ১০/১২জন নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন।

মহানগর যুবদল নেতা আশিকুর রহমান অনি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের কমিটিতে রাখার কোনো কথা ছিল না। কথা ছিল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটিতে রাখা হবে। অন্যদিকে সাগর প্রধান ও তার সমর্থকরা এলাকায় প্রচারণা চালাচ্ছে যে, তিনি ভারপ্রাপ্ত কাউন্সিলর এবং কাউন্সিলর কার্যালয় উদ্বোধন করবেন।

তিনি তো কাউন্সিলর নন, কাউন্সিলর একজন জনপ্রতিনিধি এবং অনেক দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে এই কমিটির কাজ সীমিত।

তিনি আরও বলেন, কমিটির জন্য অনেক প্রার্থী ছিল, কিন্তু কাউকে কিছু না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা জেনেছিলাম, নাসিক প্রশাসক আসবেন। তাই স্থানীয় এলাকাবাসীসহ ছাত্রদল ও যুবদলের অনেকেই সেখানে গিয়ে বিক্ষোভ করি।

উল্লেখ্য, গত ২৫ মার্চ নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব নূর কুতুবুল আলম স্বাক্ষরিত এক ‘অফিস আদেশ’ জারির মাধ্যমে বিএনপি নেতা সাগর প্রধানকে সভাপতি করে ৫ সদস্যবিশিষ্ট ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক সহায়তা কমিটি ঘোষণা করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, নাসিকের ৮ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন অভিযান, বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র প্রদানসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করবেন কমিটির সদস্যরা। পাশাপাশি তারা প্রশাসকের কাছে প্রতিবেদন পেশ করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।