বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ লক্ষ  টাকার ক্ষয়ক্ষতি


staf reporter 2 প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন /
বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ লক্ষ   টাকার ক্ষয়ক্ষতি

বন্দরে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫ লক্ষ

টাকার ক্ষয়ক্ষতি

 

​নিজস্ব প্রতিবেদক, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় একটি তুলা গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সকালে ঘটা এই অগ্নিকাণ্ডে কারখানাটির মূল্যবান যন্ত্রপাতি ও তুলাসহ প্রায় ১৫ লক্ষ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাতলী এলাকার ‘বিসমিল্লাহ টেক্সটাইল’ নামক প্রতিষ্ঠানের তুলা গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। সংবাদ পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

বিসমিল্লাহ টেক্সটাইল-এর মালিক আহসান হাবিব (জামাল) সাংবাদিকদের জানান, “সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে আগুন ধরে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে আমার কারখানার ৪টি মূল্যবান মেশিন, বিপুল পরিমাণ তুলা ও স্থাপনা পুড়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।”

অগ্নিকাণ্ডের বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়াতে পারেনি।

 

​বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকলেও অগ্নিকাণ্ডের এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।